Bengal icon news :জলের তলায় ভাসাপুল, বিচ্ছিন্ন দুই গ্রাম পঞ্চায়েতের যোগাযোগ, এলাকার কয়েক হাজার বিঘা ধানের জমি জলের তলায়, জমির উপর ৪ থেকে ৫ ফুট জল ।
টানা কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকা । এরই জেরে ধানশিমলা গ্রাম পঞ্চায়েত ও পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী রাস্তার উপর থাকা ভাসাপুলের উপর দিয়ে বইছে জল । ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই গ্রাম পঞ্চায়েতের যোগাযোগ। চরম সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ ।
স্থানীয় সূত্রে জানা যায় , পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে ধানশিমলা ও সোনামুখীতে স্কুল , কলেজ , হাসপাতাল , বাজার-সহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন । কিন্তু ভাসাপুলটি জলের তলায় চলে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে স্বাভাবিক যাতায়াত । বাধ্য হয়ে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে সাধারণ মানুষকে ।
শুধু যোগাযোগ ব্যবস্থাই নয় , অতিরিক্ত জলের চাপে এলাকার কয়েক হাজার বিঘা ধানের জমিও এখন জলের তলায় । কোথাও কোমরসমান , আবার কোথাও তার থেকেও গভীর জল জমে রয়েছে চাষের জমিতে । ফলে মাথায় হাত কৃষকদের ।
কৃষকদের দাবি , ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন তাঁরা । ফসল উৎপাদন হলে তা বিক্রি করে মহাজনের ঋণ পরিশোধের পাশাপাশি সংসার চালানো এবং আগামী মরশুমের চাষের খরচ জোগানোর পরিকল্পনা ছিল । কিন্তু দিনের পর দিন জমি জলের তলায় থাকায় আদৌ ফসল বাঁচবে কি না , তা নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষকরা ।
একদিকে জলের তলায় যোগাযোগের রাস্তা , অন্যদিকে বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত — সব মিলিয়ে চরম দুর্ভোগে সোনামুখীর ধানশিমলা ও পূর্ব নবাসন এলাকার সাধারণ মানুষ থেকে কৃষকরা । এখন প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হয় , সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসীরা ।
Namkhana, South Twenty Four Parganas | Aug 19, 2026