*হাওড়ায় বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবারে পুলিশের হানা, উদ্ধার ৩টি পিস্তল-সহ গুলি*
Bengal icon news হাওড়া: বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার, ২ সেপ্টেম্বর গোলাবাড়ি থানার পাঞ্জাব লাইন এলাকার ২৪/১ বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালান হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। গোয়েন্দা পুলিশের ওই অভিযানে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে তিনটি ইমপ্রোভাইজড দেশী সেমি-অটোমেটিক পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলগুলি লোহার তৈরি এবং প্রতিটির দৈর্ঘ্য প্রায় ২০ সেন্টিমিটার। কার্তুজগুলির পারকাশন ক্যাপে ‘KF 7.65’ লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতেরা হলো মহম্মদ আহসান ইউসুফ (৩৮) এবং আবুল হাসান ওরফে নাটা (৪৫)। দু’জনেরই বাড়ি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর গোলাবাড়ি থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত চলছে।