*প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে গঙ্গাবক্ষে শত শত প্রদীপ, আলোয় ঝলমল হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট*
Bengal icon news হাওড়া: প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোকমালায় সেজে উঠল হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট। গঙ্গাবক্ষে ভাসমান নৌকায় নরেন্দ্র মোদির কাট-আউট বসিয়ে তার চারপাশে জ্বালানো হল শত শত প্রদীপ। ঘাটজুড়ে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই, বালির বিধায়ক সঞ্জয় সিং, হাওড়ার জেলাশাসক পি. দীপাপ্রিয়া, হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী, হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা-সহ প্রশাসনের আধিকারিকরা। এদিন গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালানোর পাশাপাশি গঙ্গার মাঝে সাজানো নৌকাটিও বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। মোদির কাট-আউটকে ঘিরে আলো ও প্রদীপের সাজে নদীবক্ষ থেকে ছড়িয়ে পড়ে আলোর ঝলক। কর্মসূচিকে কেন্দ্র করে ঘাটে উপস্থিত ছিলেন দলীয় কর্মী-সমর্থকরাও। অনুষ্ঠানে রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিজি ২৫ বছর ধরে দেশের সেবা করেছেন। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনাতেই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গার মাঝে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। তিনি আরও বলেন, গঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ আবেগ রয়েছে। সেই কারণেই গঙ্গাবক্ষে মোদিজির কাট-আউট বসিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি হাওড়া মেট্রোতেও প্রদীপ প্রজ্জ্বলনের কথা জানান তিনি। তিনি আরও বলেন, এক মাস ধরে ‘সেবা সংকল্প অভিযান’ হিসেবে চলবে। এর আওতায় স্কুলে অঙ্কন ও ক্যুইজ প্রতিযোগিতা, স্বাস্থ্যপরীক্ষা শিবির, রক্তদান শিবির এবং স্বচ্ছতা অভিযানের মতো বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে, বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণপুর ঘাটের গঙ্গাবক্ষে শত শত প্রদীপের আলোয় তৈরি হয় এক অন্যরকম দৃশ্য—যা ঘাটে উপস্থিত মানুষের পাশাপাশি পথচলতি মানুষেরও নজর কাড়ে।