হিঙ্গলগঞ্জে তৃণমূলের 'জোড়া ফুলে'র ‘শ্রাদ্ধ’! পুরোহিত ডেকে অভিনব রাজনৈতিক কর্মসূচি
Bengal icon news,বসিরহাট : হিঙ্গলগঞ্জে তৃণমূলের প্রতীক নিয়ে রীতিমতো শ্রাদ্ধ অনুষ্ঠান! পুরোহিত ডেকে, নিয়ম মেনে পুজোর যাবতীয় আয়োজন করে তৃণমূলের প্রতীককে সামনে রেখে এই অভিনব কর্মসূচি পালন করলেন বিজেপি কর্মীরা। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চার পাশাপাশি তৈরি হয়েছে বেশ রসিক পরিবেশও। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের আমবেড়িয়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাদের দাবি, জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেই প্রতীকটির ‘শ্রাদ্ধ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পুরোহিত ডেকে শ্রাদ্ধের প্রচলিত রীতিনীতি মেনে আয়োজন করা হয়। তৃণমূলের প্রতীককে সামনে রেখে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন বিজেপি কর্মীরা। রাজনৈতিক কর্মসূচি হলেও তার আয়োজনের ধরন ছিল অনেকটাই ব্যতিক্রমী। ফলে পথচলতি মানুষ থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। বিজেপি কর্মীদের বক্তব্য, তৃণমূলের প্রতীকের ‘অবসান’ ঘটেছে, এই বার্তা দিতেই তাদের এই কর্মসূচি। রাজনৈতিক বিরোধিতার মঞ্চে যেখানে সাধারণত সভা, মিছিল কিংবা স্লোগানই দেখা যায়, সেখানে পুরোহিত ডেকে শ্রাদ্ধের আয়োজন কার্যত অন্যরকম নজির তৈরি করেছে। অর্থাৎ, রাজনৈতিক তরজায় এবার স্লোগানের পাশাপাশি শ্রাদ্ধের মন্ত্রও শোনা গেল হিঙ্গলগঞ্জে। তবে নির্বাচন কমিশনের প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত এবং তার আইনি অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে পৃথক আলোচনাও চলছে। বিজেপির এই কর্মসূচি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।