*জমি বিক্রির ১৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল চোর! রাতের অন্ধকারে ফ্রেজারগঞ্জে বৃদ্ধের বাড়িতে দুঃসাহসিক চুরি*
অমিত মণ্ডল, ফ্রেজারগঞ্জ:নতুন বাড়ি তৈরি করার স্বপ্ন ছিল। সেই জন্যই নিজের জমি বিক্রি করে বাড়িতে রেখেছিলেন ১৩ লক্ষ ৬০ হাজার টাকা। কিন্তু রাতের অন্ধকারে জানালা ভেঙে সেই স্বপ্ন চুরি হয়ে গেল! দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত অমরাবতী গ্রামে এক বৃদ্ধের বাড়িতে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ফ্রেজারগঞ্জের কষতলা এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী বৃদ্ধ সন্তোষ মণ্ডলের বাড়িতে বুধবার গভীর রাতে এই চুরির ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, মাটির তৈরি ওই বাড়ির একটি কাঠের জানালা ভেঙে ঘরে ঢোকে চোর। এরপর ঘরে থাকা ট্রাঙ্কে জমি বিক্রির ১৩ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
বুধবার রাতে সন্তোষবাবুর দুই মেয়েও ওই বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধ দেখেন বাড়ির জানালা ভাঙা। কিছুটা দূরে পড়ে রয়েছে টাকা রাখার ট্রাঙ্কটি, আর ভেতরের সব টাকা উধাও!
সর্বস্বান্ত হয়ে বৃহস্পতিবার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সন্তোষ মণ্ডল। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
কারা এই চুরির সঙ্গে যুক্ত এবং এত টাকা বাড়িতে থাকার খবর কীভাবে চোরদের কাছে পৌঁছাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।