হাইওয়েতে ভয়াবহ ধাক্কা, নয়ানজুলিতে গাড়ি , বিশ্বকর্মা পুজোয় যাওয়ার পথে দুর্ঘটনা
Bengal icon news হুগলি:বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল হুগলির গুড়াপ থানা এলাকার মাজিনানের এনএইচ-১৯ দুর্গাপুর হাইওয়ে। দুর্গাপুর থেকে কলকাতাগামী একটি গাড়ি ও জামালপুরের বৈরগড় থেকে জনাই রোডগামী অপর একটি গাড়ির সংঘর্ষে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনায় অন্তত একজন কোমরে আঘাত পেয়ে ধনিয়াখালি হাসপাতালে ভর্তি হন। আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেয় গুড়াপ থানার পুলিশ।
জামালপুরের বৈরগড়ের বাসিন্দা কৌশিক দাস জানান, তাঁদের গাড়িতে তিনজন ছিলেন। তাঁর দাবি, “গাড়ি টার্ন নেওয়ার পর দ্বিতীয় লেনে আসতেই পিছন দিক থেকে ওভারটেক করে এসে ধাক্কা মারে। তারপরই আমাদের গাড়ি ঘুরে নয়ানজুলিতে পড়ে যায়।” তিনি জানান, একজনের কোমরে গুরুতর যন্ত্রণা হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে দুর্গাপুরের বাসিন্দা, ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী শুভম বিশ্বাস বলেন, তিনি একাই গাড়ি চালাচ্ছিলেন। তাঁর বক্তব্য, “আমি ডানদিকের লেনে ছিলাম। হঠাৎ ওই গাড়িটা ডানদিকে এসে আমার গাড়িতে ধাক্কা মেরে বাঁদিকে ঘুরে নয়ানজুলিতে পড়ে যায়। আমার গাড়ির চাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
প্রত্যক্ষদর্শী প্রীতম হাজরা চৌধুরী বলেন, “গুড়াপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়।” দুর্ঘটনার কারণ নিয়ে দুই চালকের বয়ানে ভিন্ন দাবি উঠে আসায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।