*৬ লক্ষ টাকা তোলাবাজির চিঠি, পোস্ট অফিসের CCTV সূত্রে গ্রেফতার অভিযুক্ত*
Bengal icon news,জয়পুর (পুরুলিয়া): লাল কালিতে লেখা একটি হুমকির চিঠি। দাবি ছয় লক্ষ টাকা। টাকা না দিলে খুনের হুমকি। সেই চিঠির খামই শেষ পর্যন্ত ধরিয়ে দিল অভিযুক্তকে।
১৫ সেপ্টেম্বর জয়পুর থানার এলাকার এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানান, Speed Post-এর মাধ্যমে তাঁর কাছে একটি বেনামি হুমকির চিঠি এসেছে। চিঠিতে ছয় লক্ষ টাকা দাবি করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। অযোধ্যা পাহাড়ের কাছে নির্দিষ্ট একটি জায়গায় টাকা পৌঁছে দেওয়ার নির্দেশও ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযোগ পাওয়ার পর চিঠি ও খাম বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে পুলিশ। ডাক বিভাগের সাহায্যে খামের গতিপথ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, EW034874745IN নম্বরের ওই খামটি ১ সেপ্টেম্বর সকাল ১০টা ২৯ মিনিট নাগাদ পুরুলিয়া হেড পোস্ট
অফিস থেকে বুক করা হয়েছিল।
এরপর সেই সময়ের CCTV ফুটেজ সংগ্রহ করে শুরু হয় নজরদারি। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ওই খামটি পোস্ট করছেন। অভিযোগকারীকে ফুটেজ দেখানো হলে তিনি ওই ব্যক্তিকে শনাক্ত করেন বলে পুলিশ সূত্রে খবর।
এরপরই ঘুরে যায় তদন্তের মোড়।সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর শ্রীরামপুর গ্রামের ৫২ বছর বয়সি সুভাষ মাহাতোকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযোগকারী ও অভিযুক্তের মধ্যে আগে থেকেই পরিচয় এবং বিশ্বাসের সম্পর্ক ছিল। সেই সুযোগ কাজে লাগিয়েই টাকা হাতানোর পরিকল্পনা করা হয়েছিল। চিঠিতে টাকা কোনও ‘বিশ্বস্ত ব্যক্তি’র হাতে তুলে দেওয়ার কথা উল্লেখ থাকায় তদন্তকারীরা মনে করছেন, সেই টাকা নিজের হাতে নেওয়ার পরিকল্পনাও থাকতে পারে অভিযুক্তের।
অভিযুক্তকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হচ্ছে। ঘটনার পিছনে আরও কেউ জড়িত কি না, অভিযুক্তের যোগাযোগ ও গতিবিধি এবং অপরাধে ব্যবহৃত সামগ্রী উদ্ধারের বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।