*৩২ লক্ষ টাকার কংক্রিটের সেতু হুড়মুড়িয়ে ভাঙল মাত্র ৫ বছরেই, পাথরপ্রতিমার কালু নদীতে কলাগাছের মান্দাসই এখন ভরসা*
অমিত মণ্ডল, পাথরপ্রতিমা:
সরকারি টাকায় তৈরি কংক্রিটের সেতু টিকল মাত্র পাঁচ বছর! রবিবার আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালু নদীর ওপর তৈরি একটি গুরুত্বপূর্ণ সেতু। আর এই সেতু বিপর্যয়ের জেরেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের বিস্তীর্ণ এলাকা। নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু তৈরির অভিযোগ তুলে এদিন বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এখন নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা কলাগাছের তৈরি মান্দাস বা ভেলা!
পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের আবাদ গঙ্গাধরপুর গ্রামের সঙ্গে শ্রীনারায়ণপুর-পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল কালু নদীর ওপর থাকা এই সেতুটি।
সেতু ভেঙে পড়ায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী,চরম বিপাকে পড়েছেন সকলেই। গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রামগঙ্গা বিডিও অফিস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছনোর রাস্তা কার্যত বন্ধ। ঝুঁকি নিয়ে কলাগাছের ভেলা তৈরি করে নদী পার হচ্ছেন মানুষ।
স্থানীয়দের অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে ৩২ লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি তৈরি হওয়ার সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল। এমনকি একবার সেতুটি বসে গেলে কয়েকটি সরু রড দিয়ে কোনোমতে ফের ঢালাই করে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের ভয় দেখানো এবং পুলিশে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
রবিবার সকালে ভেঙে পড়া সেতুর বিক্ষোভ দেখান স্থানীয়রা। বর্তমান পালাবদল সরকারের কাছে তাঁদের দাবি, অবিলম্বে সেতুটি পুনর্নির্মাণ করতে হবে এবং দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।
এ বিষয়ে সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা বলেন, "খুব দ্রুত এই সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে। সাধারণ মানুষের দুর্ভোগ মেটানোই আমাদের প্রথম লক্ষ্য। এর পাশাপাশি, বিগত দিনে যারা এই সেতু নির্মাণে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, উপযুক্ত তদন্ত করে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।"
Namkhana, South Twenty Four Parganas | Sep 21, 2026