প্রধান শিক্ষকের চেয়ারে খুদে শ্রুতি! শিক্ষক দিবসে চমক বেলডাঙার প্রাথমিক স্কুলে
Bengal icon news মুর্শিদাবাদ :শিক্ষক দিবসে চমকে দিল মুর্শিদাবাদের বেলডাঙার ৩০ নং আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষকের চেয়ারে বসে স্কুল সামলালো চতুর্থ শ্রেণির ছাত্রী শ্রুতি মণ্ডল!
শিক্ষক দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ নেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। একদিনের জন্য নিজের চেয়ার ছেড়ে দেন পড়ুয়াদের হাতে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১২ জন খুদে পড়ুয়া হয়ে ওঠে একদিনের শিক্ষক। শ্রুতি মণ্ডল হয় প্রধান শিক্ষক, আর আকাশ দাস হয় সহকারী প্রধান শিক্ষক। বাকিরা ভাগ করে নেয় বিভিন্ন ক্লাসের দায়িত্ব।
শুধু চেয়ারে বসাই নয়, রীতিমতো বাস্তব দায়িত্ব পালন করে খুদেরা। ঘণ্টা দেওয়া, রোলকল, স্টাফরুমে মিটিং করে ক্লাস পরিচালনার পরিকল্পনা - সবই করে তারা। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানও করে খুদে শিক্ষকরা। সকালে প্রার্থনা সভা, বাণীপাঠ, জাতীয় সংগীত, শপথ বাক্য পাঠ - সবকিছুর নেতৃত্বে ছিল তারাই।
এদিন ছিল আরও একটি মজার শিক্ষা - 'বেলুনে লুকিয়ে থাকা জীবনের পাঠ'। প্রথমে সবাইকে নিজের নাম লেখা বেলুন খুঁজতে বলা হয়, কেউ খুঁজে পায় না। পরে বলা হয়, হাতের বেলুনটি যার নামে, তাকে দিয়ে দিতে। একে অপরকে সাহায্য করতেই সবাই নিজের বেলুন ফিরে পায়। এভাবেই শিশুদের সহযোগিতার পাঠ শেখানো হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, আবৃত্তি পরিবেশন করে কিংশুক, অনুরাগ, অঙ্কুশ, তোর্ষা, তিথি, আর্য, শ্রেয়া, সাওনিরা। বিভিন্ন ভাষায় শিক্ষকদের 'নমস্কার' জানায় পড়ুয়ারা।
প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, "শিক্ষক দিবসকে শুধু অনুষ্ঠানের মধ্যে না রেখে শিশুদের মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ গড়ে তুলতেই এই উদ্যোগ।"
দিনের শেষে শিক্ষকদের হাতে স্মারক তুলে দেওয়া হয় এবং সেপ্টেম্বরে যে সমস্ত পড়ুয়াদের জন্মদিন তাদের কেক কেটে জন্মদিন পালন করা হয়।