
গণেশের আগমনের আগেই ‘মহালাড্ডু’তে মাত ব্যান্ডেল! ১৫ কেজির মিষ্টি ঘিরে বাজারে উৎসবের উন্মাদনা
Bengal icon news হুগলি,গণেশ চতুর্থী এখনও একদিন দূরে। কিন্তু তার আগেই ব্যান্ডেলের মিষ্টির বাজারে যেন উৎসবের ঘণ্টা বেজে গিয়েছে। মহারাষ্ট্রের মুম্বই থেকে যে গণেশ উৎসবের জাঁকজমক দেশজুড়ে পরিচিত, তারই ছোঁয়া এখন ক্রমশ বাংলার মাটিতেও। আর সেই উৎসবের বাজারে এবার সবচেয়ে বড় চমক—প্রায় ১৫ কেজি ওজনের বিশালাকার লাড্ডু!
গণেশ পুজোর প্রসাদ মানেই লাড্ডু ও মোদক। সেই চাহিদাকে সামনে রেখেই ব্যান্ডেলের বিভিন্ন মিষ্টির দোকানে তৈরি হয়েছে রকমারি আয়োজন। কোথাও ছোট-বড় নানা মাপের লাড্ডু, কোথাও আবার একাধিক স্বাদের মোদক। কিন্তু সব আকর্ষণ ছাপিয়ে ক্রেতা ও পথচারীদের নজর আটকে যাচ্ছে ওই বিশাল লাড্ডুতেই। দোকানে ঢোকার আগে অনেকেই দাঁড়িয়ে পড়ছেন সেটি দেখতে, মোবাইলে ছবিও তুলছেন।
মিষ্টি ব্যবসায়ীদের বক্তব্য, গণেশ চতুর্থী যত এগিয়ে আসছে, ততই বাড়ছে লাড্ডু-মোদকের চাহিদা। পুজোর প্রসাদ, ভক্তদের মধ্যে বিতরণ এবং বাড়ির আরাধনার জন্য বহু মানুষ কিনছেন বিভিন্ন মাপের মিষ্টি। ফলে উৎসবকে ঘিরে বিক্রির ব্যস্ততাও বেড়েছে।
শুধু মিষ্টির দোকান নয়, বাড়ি, আবাসন, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পুজো মণ্ডপ—সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গত কয়েক বছরে বাংলায় গণেশ পুজোর বিস্তারও চোখে পড়ার মতো।
মহারাষ্ট্রের মতো বিশাল আয়োজন না হলেও ব্যান্ডেলের ১৫ কেজির ‘মহালাড্ডু’ যেন বুঝিয়ে দিচ্ছে—গণেশ চতুর্থীর উৎসব এখন আর কোনও একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। ভক্তি, উৎসব আর মিষ্টির স্বাদ মিলিয়ে ব্যান্ডেলেও তৈরি হয়েছে গণেশ জ্বরের আবহ।