Bengal icon news;লালগোলা :পদ্মা তীব্র স্রোতে নৌকাডুবি, বাংলাদেশের নারী শিশু সহ ওই ১১ জনকে উদ্ধার করল ভারতীয় বিএসএফ এবং পুলিশ। পদ্মা নদী থেকে তাদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে যায় লালগোলা থানার পুলিশ। আশ্চর্যজনকভাবে মাত্র ২০ দিনের একটি শিশুকেও জীবিত অবস্থায় উদ্ধার করেছে বিএসএফ এবং লালগোলা থানার পুলিশ। বাংলাদেশের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে ওই যাত্রীদের পাঠিয়ে দেয়া হয়েছে।
রাখে হরি মারে কে। তা না হলে পদ্মার তীব্র স্রোতে যখন ভাঙ্গন অব্যাহত সেই সময় পদ্মা নদীতে ভেসে যাওয়া প্রাণ ফিরে পায়। শনিবার বিকেল -সন্ধ্যে নাগাদ এরকমই এক ঘটনার সাক্ষী থাকলো ভারত বাংলাদেশ সীমান্তের লালগোলার মানুষ। ওইদিন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখরালী ঘাট থেকে নারী ও শিশুসহ ১১-১২ জন যাত্রীকে নিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকা জোহরপুর ক্যাম্প ও নারায়ণপুরের ৮ নম্বর ওয়ার্ডের দিকে ডাক্তার দেখাতে যাচ্ছিল। পদ্মার তীব্র স্রোতে ভারসাম্য হারিয়ে নৌকাটি হঠাৎ করেই উল্টে যায়। নৌকাডুবির পর একজন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও বাকি যাত্রীরা স্রোতের টানে ভেসে ভারতীয় জলসীমায় চলে আসেন। বিষয়টি দেখতে পায় এলাকার মানুষ। মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকার তারানগর সংলগ্ন খান্ধুয়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা ঘটনার কথা জানতে পেরে তাঁদের জলসীমা থেকে উদ্ধার করেন। ঘটনাস্থলে ছুটে আসে লালগোলা থানার পুলিশ। ওই যাত্রীদের সঙ্গে সঙ্গে লালগোলার কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ২০ দিন বয়সের এক শিশু ছিল , এছাড়া ৮-৯ বছরের দুজন বাচ্চা ছিল, চারজন মহিলা ছিলেন এবং বাকিরা পুরুষ। হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসার পর বাংলাদেশের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হয়। এরপর ওই যাত্রীদের সুস্থ অবস্থায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সকলেই জীবিত ও সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে বাংলাদেশের প্রতি ভারতীয় বিএসএফ এবং পুলিশের দ্রুত তৎপরতা দেখে এলাকার মানুষ খুশি হয়েছেন।