বাগনানে উদ্ধার সাদা কালাচ সাপ
Bengal icon news উলুবেড়িয়া: বাগনানের এক বাসিন্দার মাটির বাড়ি থেকে আবারও উদ্ধার হলো বিরল সাদা রঙের কালাচ সাপ। জানা গেছে শনিবার রাতে বাগনান ২ নং ব্লকের বাঁটুল গ্রামের বাসিন্দা সঞ্জীব প্রামানিক লক্ষ্য করেন তাঁর মাটির ঘরের মেঝেতে একটি সাদা রঙের সাপ শুয়ে আছে। বিষয়টি নজরে আসার পর তিনি ও তাঁর পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। সঞ্জীববাবু তৎক্ষণাৎ ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্টের সদস্য সবুজ দোলুইকে বিষয়টি জানান। সবুজ তৎক্ষণাৎ এসে সাপটিকে একটি নিরাপদ জায়গায় আটকে ট্রাস্টের সর্প উদ্ধারকারী সদস্যদের খবর দেন। অন্যদিকে সাদা সাপ দেখবার জন্য বহু মানুষ বাড়ির সামনে ভিড় জমায়। ট্রাস্টের সদস্য চিত্রক প্রামানিক, সুমন্ত দাস ও অর্ঘ্য মল্লিক ঘটনাস্থলে আসেন। তাঁরা এসে দেখেন সাপটি একটি তীব্র বিষধর লিউসিস্টিক কালাচ সাপ বা সাদা কালাচ সাপ। চিত্রক, সুমন্ত, অর্ঘ্য ও সবুজ সাবধানতার সঙ্গে সাদা কালাচ সাপটি উদ্ধার করে জার বন্দি করেন এবং সঞ্জীব বাবুর মাটির বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি করে দেখেন অন্য কোনো বিষধর সাপ আছে কিনা। ট্রাস্টের সদস্যরা ওই এলাকার মানুষদের সাপ সম্বন্ধে সচেতন করেন এবং বর্ষায় সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার বার্তা দেন। ট্রাস্টের সদস্য চিত্রক প্রামানিক বলেন, কালাচ সাপ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম তীব্র বিষধর সাপ। কিন্তু সাদা কালাচ খুব একটা দেখা যায় না। এটি একটি লিউসিস্টিক কালাচ সাপ। লিউসিজম্ একটি জেনেটিক মিউটেশন। লিউসিসটিক্ প্রানী সচরাচর দেখা যায় না। প্রাণীজগতে লিউসিজম্ এর কারনে মেলানিন এর অভাবে দেহের ত্বক, পালকের রঙ সাদা বা ফ্যাকাশে হয়ে যায়। একমাত্র চোখের রঙ কালো থাকে, চোখের রঙের কোনো পরিবর্তন হয় না। অ্যালবিনো হলে চোখের রঙের ও পরিবর্তন হয়। এর আগে হাওড়া জেলায় কয়েকবার সাদা কালাচ সাপ পাওয়ার নিদর্শন রয়েছে।