Bengal icon news ফরাক্কা:অবশেষে সচল হলো নিউ ফরাক্কার আপ লাইন। রেল কর্তৃপক্ষের যুদ্ধকালীন তৎপরতায় প্রথমে মালগাড়ি ট্রায়াল এবং পরে বন্দে ভারতের গতি নিয়ন্ত্রণ রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হল।
প্রায় ৭২ ঘণ্টা পর রবিবার সকাল থেকে নিউ ফারাক্কার ক্ষতিগ্রস্ত আপ লাইনে ট্রেন চলাচল শুরু হল। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে এই আপ লাইন দিয়ে একটি মালগাড়ি পার করানো হয়। এর পর তেলের ট্যাঙ্কারবাহী একটি মালগাড়ি যায়। সেই ট্রায়াল সফল হতেই ধীর গতিতে পার করানো হয় বন্দে ভারত এক্সপ্রেস সহ উত্তরবঙ্গগামী বিভিন্ন যাত্রীবাহী ট্রেন।
দীর্ঘ তিন দিন আপ লাইন বন্ধ থাকায় ডাউন লাইন দিয়েই উভয়মুখী ট্রেন যাতায়াত করাচ্ছিল রেল। ফলে চরম দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। এদিন সকাল থেকে আপ লাইনে গতিসীমা নিয়ন্ত্রণ করে ট্রেন চলাচল শুরু হওয়ায় বড় স্বস্তি ফিরেছে। বর্তমানে ধস এলাকায় মাটি বসে যাচ্ছে কিনা এবং ট্র্যাকিং অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, সে বিষয়ে স নজরদারি চালাচ্ছেন রেলের প্রকৌশলী ও আধিকারিকরা।
ভূমি ধসের জেরে যে ট্র্যাকটি প্রায় দুই ফুট নিচে বসে গিয়েছিল, তা মেরামতের কাজ শনিবার রাতেই সম্পূর্ণ হয়। নতুন করে রেললাইন বসানো, ট্যাম্পিং এবং ওভারহেড ইক্যুইপমেন্টের পরীক্ষা সফল হওয়ার পরই রাতে লাইনটি চলাচলের যোগ্য বলে ঘোষণা করা হয় পূর্ব রেলের পক্ষ থেকে।
এপ্রসঙ্গে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে জানান, ধসে যাওয়া অংশটিকে পুরোপুরি সমতলে ফিরিয়ে এনে শক্ত ভিতের ওপর দাঁড় করানো হয়েছে। তবে দ্রুত পরিষেবা চালুর তাগিদ থাকলেও যাত্রী সুরক্ষার সঙ্গে কোনো আপস করা হবে না। স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনেই আপাতত ওই অংশে 'কশন' বা নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালানো হবে। পরবর্তীতে আরও ব্যালাস্ট ফেলে এবং ট্যাম্পিং করে ট্র্যাকিংয়ের স্থায়িত্ব বাড়লে স্বাভাবিক গতি ফিরবে। পরিস্থিতি সামাল দিতে মালদা ডিভিশন সহ পুরোটিম মিশন মোডে কাজ করেছে।
অন্যদিকে নিউ ফরাক্কার স্টেশন সুপারিন্টেন্ডেন্ট তন্ময় বিশ্বাস জানান, আপ লাইনে এখন আর চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের কারিগরি বা সুরক্ষাজনিত সমস্যা বা অসুবিধা নেই। সমস্ত ট্র্যাক ও সিগন্যালিং ব্যবস্থা পরীক্ষা করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং যাত্রীরা সম্পূর্ণ নিরাপদে যাতায়াত করতে পারছেন।