*নদিয়ার মাটির নিচে 'কালো সোনা'? নতুন সরকারের কাছে তেল-গ্যাস উত্তোলনের দাবি, আশার আলো রানাঘাটে*
Bengal icon news রানাঘাট,নদিয়ার মাটির বুকেই কি লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ? জেলাজুড়ে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। রানাঘাট ও সংলগ্ন এলাকায় পুনরায় প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের সন্ধান শুরু করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, আধুনিক প্রযুক্তির সাহায্যে ওএনজিসি যদি এখানে ফের খনন কাজ শুরু করে, তবে এই অঞ্চলের অর্থনৈতিক চেহারা পুরোপুরি বদলে যেতে পারে।
এলাকার যে জমিতে এই প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়া গেছিল সেই জমি মালিক সাধন বিশ্বাস নতুন সরকারের কাছে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। তিনি জানান, ‘১৯৭০ সালে প্রথম এই এলাকায় প্রাকৃতিক গ্যাস ও তৈলজাত পদার্থের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু সে যুগের পুরোনো পরিকাঠামো ও প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে প্রাথমিক কাজ মাঝপথেই থমকে যায়। আমার প্রায় ১২ বিঘা জমিতে এই খোঁজ পাওয়া যায়। যদি এখান থেকে বাণিজ্যিক স্তরে গ্যাস বা তেল উত্তোলন সম্ভব হয়, তবে তা সমগ্র নদিয়া জেলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে। আমাদের নতুন প্রজন্মকে আর কাজের জন্য বাইরে যেতে হবে না।’
এই সম্ভাবনাকে ঘিরে ইতিবাচক সাড়া মিলেছে রাজনৈতিক মহলেও। রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী এই প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বিগত সরকারের উদাসীনতাকে কাঠগড়ায় তুলে বলেন,, ‘সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক সদিচ্ছার অভাবে এতদিন কাজ এগোয়নি।শুধু রানাঘাটই নয়, চাকদা ব্লকের বিস্তীর্ণ এলাকাতেও মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি রয়েছে। এবার অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখে ড্রিলিং-এর কাজ শুরু করা হবে। যদি ওএনজিসি আধুনিক যন্ত্রপাতি নিয়ে ফের মাঠে নামে, তবে রাজ্য সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি স্থানীয় স্তরে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।’ সব মিলিয়ে, মাটির নিচের এই সুপ্ত সম্পদকে কেন্দ্র করে এখন নদিয়ার ঘরে ঘরে নতুন এক অর্থনৈতিক বিপ্লবের স্বপ্ন বোনা শুরু হয়েছে।
Namkhana, South Twenty Four Parganas | Sep 9, 2026