
*মোবাইলে মোবাইলে হঠাৎ বিকট শব্দে 'বিপৎসংকেত'! ৪ জেলায় প্রবল ঝড়বৃষ্টির চূড়ান্ত সতর্কতা, প্যানিক নয়, সতর্ক হন*
অমিত মন্ডল; দক্ষিণ 24 পরগনা:সোমবার বিকেলে হঠাৎই চমকে উঠেছেন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ! সাধারণ মেসেজ বা রিংটোন নয়, হঠাৎই বিকট অ্যালার্মের শব্দে কেঁপে উঠছে একের পর এক মোবাইল ফোন। স্ক্রিনে ভেসে উঠছে— 'Extremely Severe Alert'বা চূড়ান্ত সতর্কতা! হঠাৎ এমন মেসেজ দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি মূলত আবহাওয়া দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি বিশেষ সতর্কবার্তা, যা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মাঝারি থেকে প্রবল বজ্রপাত-সহ তীব্র বৃষ্টি এবং কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া আছড়ে পড়ার সতর্কতা দেওয়া হয়েছে।
ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম— এই ৪ জেলার বিস্তীর্ণ অংশে এই দুর্যোগের প্রভাব পড়বে।
সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে শুরু করে পরবর্তী ২-৩ ঘণ্টার জন্য এই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
অনেকেই ভাবছেন ফোন হ্যাক হলো কিনা! একদমই নয়। এটি ভারত সরকারের 'সেল ব্রডকাস্টিং সিস্টেম' (Cell Broadcasting System)। প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি অবস্থায় মানুষের প্রাণ বাঁচাতে এবং দ্রুত সতর্ক করতে নির্দিষ্ট এলাকার সমস্ত চালু মোবাইল ফোনে একসঙ্গে এই ফ্ল্যাশ মেসেজ ও অ্যালার্ম পাঠানো হয়। আজ দক্ষিণবঙ্গের ৪ জেলায় আবহাওয়ার চরম অবনতির কারণেই এই মেসেজ পাঠানো হয়েছে।
এই মেসেজ পাওয়ার পর সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা মাঠেঘাটে কাজ করছেন বা রাস্তায় আছেন, তাঁদের বড় গাছ, বিদ্যুতের খুঁটি বা ফাঁকা জায়গা এড়িয়ে কোনো পাকা ছাদের নিচে আশ্রয় নিতে বলা হয়েছে।