
বিরাট ধস সুন্দরবনের দয়াপুরে, গ্রামে জল ঢোকার আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা
Bengal icon news গোসাবাঃ অমাবস্যার ভরা কোটালের জেরে নদীর বাঁধে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস নেমেছে। প্রায় দুশো ফুটের বেশি এলাকা জুড়ে ধস নেমেছে গোসাবার দয়াপুর এলাকায়। গোমর নদীর বাঁধে নেমেছে এই বিশাল ধস। শনিবার ভোররাতে এই ধস নামে। ঘটনার খবর পেয়েই সেচ দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলাতে বাঁধ মেরামতির কাজে হাত লাগায়। ধস মেরামতি করা হলেও শেষ রক্ষা হয়নি। শনিবার বিকেলে একই জায়গায় পুনরায় ধস নামে। যা পরিস্থিতি তাতে বাঁধ মেরামতি করতে সেচ দফতরের কর্মীদের যথেষ্ট বেগ পেতে হবে বলে দাবি স্থানীয়দের। রাতে কটালের জল বাড়লে গ্রাম নোনা জলে প্লাবিত হতে পারে বলেও মনে করছেন অনেকে।
ঘটনার জেরে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। নোনা জল গ্রামে ঢুকলে চাষের জমি থেকে শুরু করে পুকুরের মাছ সবই ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্থ হবে এলাকার বাসিন্দাদের বাড়ি ঘর। ঘটনার খবর পেয়ে গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর নিজে যান ঘটনাস্থলে। পরিস্থিতি ক্ষতিয়ে দেখে দ্রুত বাঁধ মেরামতির নির্দেশ দেন তিনি। বিকর্ণ বলেন, “ একবার ধসে যাওয়া জায়গা সারানোর পর পুনরায় ধস নেমেছে। সেচ দফতরের কর্মীরা আপ্রান চেষ্টা করছে যাতে বাঁধ মেরামত করা যায়। নদীর জল যাতে কোনভাবে গ্রামে ঢুকতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে।” নাম প্রকাশে অনিচ্ছুক সেচ দফতরের এক কর্তা বলেন, “ কর্মীরা সকাল থেকেই বাঁধ মেরামত করছেন। কিন্তু যেভাবে নদীতে চোরা স্রোত বইছে তাতে বাঁধ টিকিয়ে রাখা কষ্টকর হচ্ছে। একবার সারাবার পর ফের ধস নেমেছে। পুনরায় বাঁধ মেরামতির চেষ্টা করা হচ্ছে। না হলে রিং বাঁধ দেওয়ার ভাবনাও রয়েছে।”