
ব্যারাক থেকে উদ্ধার এসআই-এর ঝুলন্ত দেহ! মৃত্যু ঘিরে রহস্য
Bengal icon news বারাসাত: হাবরা থানার ব্যারাকে এসআই-এর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য।
রবিবার রাতেও স্বাভাবিকভাবে ডিউটি করেছিলেন বিশ্বনাথ সেন, তার এমন মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। হাবরা থানার ব্যারাক থেকে ওই পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম বিশ্বনাথ সেন। তিনি হাবরা থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মহেশতলা এলাকায় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার হাবরা থানার ব্যারাকে নিজের ঘরেই ছিলেন বিশ্বনাথ সেন। দীর্ঘ সময় তাঁর ঘরের দরজা না খোলায় সহকর্মীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। প্রথমে তাঁরা ভেবেছিলেন, হয়তো তিনি ঘুমিয়ে রয়েছেন। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও কোনও সাড়া না মেলায় ঘরের দরজা খুলে দেখা হয়। তখনই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই থানার অন্যান্য পুলিশকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সহকর্মীদের দাবি, রবিবার রাতেও স্বাভাবিকভাবেই ডিউটি করেছিলেন বিশ্বনাথ সেন। অন্যান্য পুলিশকর্মীদের সঙ্গেও তাঁর স্বাভাবিক কথাবার্তা হয়েছিল। আচরণেও বিশেষ কোনও অস্বাভাবিকতা তাঁরা লক্ষ্য করেননি বলে জানা গিয়েছে। প্রতিদিন যাঁর সঙ্গে দায়িত্ব পালন করতেন, তাঁর এমন আকস্মিক মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ সহকর্মীরা।
তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কোনও সমস্যা, মানসিক চাপ নাকি কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ কোনও কারনে তার এমন সিদ্ধান্ত তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইতিমধ্যেই মৃত পুলিশকর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।