
*বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণা: কল্যাণীতে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদ নেতা*
Bengal icon news কল্যাণী: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সহবাস ও পরবর্তীতে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে কল্যাণী থেকে গ্রেফতার হলেন এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা। ধৃত নেতার নাম অঙ্কুর মজুমদার। শুক্রবার গভীর রাতে কল্যাণী থানার পুলিশ তাকে নিজস্ব বাসভবন থেকে গ্রেফতার করে। শনিবার কল্যাণী আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বাসিন্দা এক তরুণীর সঙ্গে অঙ্কুর মজুমদারের দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন ওই ছাত্রনেতা। কিন্তু পরবর্তীতে বিয়ে করতে বললে তিনি স্পষ্ট অস্বীকার করেন।
নির্যাতিতা তরুণীর দাবি, আগে শাসকদলের প্রভাব ও ক্ষমতার কারণে তিনি পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতে সাহস পাননি। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সাহস সঞ্চয় করে তিনি সংশ্লিষ্ট থানায় অঙ্কুরের বিরুদ্ধে প্রতারণা ও সহবাসের লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই কল্যাণী থানার পুলিশ তদন্তে নামে এবং শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে গ্রেফতার করে। শনিবার তাঁকে কল্যাণী আদালতে তোলা হলে বিচার বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।