
*খাদ্য সুরক্ষা অভিযানে হাওড়া শহরের নামী রেস্তোরাঁয় অসঙ্গতি, ১৪ দিনের 'ক্লোজার' নোটিশ*
Bengal icon news , হাওড়া: 'ফুড সেফটি উইক'-এর অঙ্গ হিসেবে সোমবার হাওড়া শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও ফুড স্টলেও অভিযান চালানো হয়। সেই অভিযানে একটি নামী রেস্তোরাঁয় একাধিক অসঙ্গতি নজরে আসে বলে প্রশাসন সূত্রে খবর। এরপর সংশ্লিষ্ট রেস্তোরাঁর বিরুদ্ধে ১৪ দিনের ‘ক্লোজার’ নোটিশ জারি করা হয়। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সচিব অনুপম চক্রবর্তী জানান, "পরিদর্শনের সময় রেস্তোরাঁটিতে বেশ কিছু নিয়ম-বহির্ভূত বিষয় নজরে আসে। সেই কারণে ডেপুটি সিএমওএইচ-২-এর তরফে ১৪ দিনের জন্য রেস্তোরাঁটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।" তিনি বলেন, "এই সময়ের মধ্যে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উন্নতি ও সংশোধন করতে হবে। এরপর ফের সংশ্লিষ্ট রেস্তোরাঁ পরিদর্শন করা হবে। পরিদর্শনে সমস্ত নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত হলে এবং স্বাস্থ্য দপ্তরের ছাড়পত্র পাওয়া গেলে তবেই ফের রেস্তোরাঁটি চালু করা যাবে।" খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও পুর প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে। প্রসঙ্গতঃ খাদ্য সুরক্ষা বিধি মেনে খাবার পরিবেশন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে হাওড়া শহরজুড়ে চলছে প্রশাসনের অভিযান। রাজ্য সরকারের নির্দেশে ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা খাদ্য সুরক্ষা অভিযানের অংশ হিসেবে সোমবার হাওড়ার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে ও খাবারের দোকানে পরিদর্শন চালায় হাওড়া পুরনিগম। এই অভিযানে বেলপোল এলাকার কাছে একটি রেস্তোরাঁয় গিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে। পরিদর্শনকারীদের দাবি, রেস্তোরাঁটির রান্নাঘরে কাঁচা মুরগির মাংস, মাছ ও পনির-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। অভিযোগ, কয়েকটি খাদ্যসামগ্রী ঢাকনাবিহীন অবস্থায় রাখা ছিল এবং প্যাকেটে প্রস্তুত ও মেয়াদ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের লেবেলও ছিলনা। এছাড়াও ডিপ ফ্রিজে সংরক্ষিত রান্না করা কাবাবের উপর ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা যায় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিষয়টি নজরে আসার পর ওই সমস্ত দূষিত ও ব্যবহারের অনুপযুক্ত খাদ্যসামগ্রী নষ্ট করে দেওয়া হয়। অভিযান শেষে খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬-এর ৩২ নম্বর ধারায় রেস্তোরাঁ কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেওয়া হয়। পাশাপাশি, সংশ্লিষ্ট রেস্তোরাঁর লাইসেন্স ১৪ দিনের জন্য স্থগিত করা হয়েছে বলে হাওড়া পুরনিগম সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের বক্তব্য, সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপস করা হবে না। খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে খাদ্য সুরক্ষা বিধি না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনেও শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের পরিদর্শন ও অভিযান চলবে বলে জানা গিয়েছে।