
প্রেমিকাকেই খুন করে দেহ বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পরল প্রেমিক। ঘটনা পুরুলিয়ায় বস্তায় করে দেহ নিয়ে যাওয়ার সময় গ্রেফতার।
Bengal icon news পুরুলিয়া: প্রেমিকাকেই খুন করে দেহ বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পরল প্রেমিক। এ ঘটনা পুরুলিয়ার। রাত তখন ১২ টা ২৫। পুরুলিয়ার বাঘমুণ্ডি বলরামপুর রোডের পি পি এস পি দপ্তরের সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। হঠাৎ করেই একটি মোটর সাইকেল। তাতে এক বিশাল পলিথিনের বস্তা। দেখেই সন্দেহ হওয়ায় বাইকটিকে আটকাতেই চক্ষু চড়কগাছ পুলিশের আধিকারিকদের। বাইক রক্তে ভর্তি। বস্তা থেকেও চুইয়ে পড়ছে রক্ত। যুবকটিকে জাপটে ধরে একটু চাপ দিতেই জানা গেল এক ভয়ংকর ঘটনার কথা। সে নিজের প্রেমিকাকেই খুন করে দেহর ঠিকানা লাগাতে যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে ওই প্রেমিকার নাম প্রিতিকা মাহাতো, বাড়ি বাঘমুন্ডি থানার বুড়দা গ্রামে। প্রাথমিক জেরায় জানা যায় যুবকের নাম অমিত কুমার মাহাতো। বাড়ি বাঘমুণ্ডি থানার হুড়ুমদা গ্রামে। সে অবশ্য পড়া ও চাকরির প্রস্তুতির জন্য থাকতো পুরুলিয়া শহর লাগোয়া টামনা থানার একটি মেসে। সেখানেই শনিবার ওই মেয়েটি যায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা সেখানেই সে ওই তরুণীর গলায় ধারালো ছুরি চালিয়ে হত্যা করে। তারপর দেহটিকে লোপাট করার জন্য নিয়ে রওনা দেয়। জানা গেছে মেয়েটি ও ছেলেটির বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল। তারা একই কোচিংয়ে পড়ত। ছেলেটির ধারনা হয় যে মেয়েটি সম্প্রতি অন্য একটি সম্পর্কে জড়িয়ে যায়। এতেই চূড়ান্ত মনোমালিন্য শুরু হয় তাদের মধ্যে। যার জেরেই এই হত্যা। ধরা পড়ার পরই প্রাথমিক তদন্তের পর দেহটি ময়না তদন্তে পাঠানো হয়। ব্যাবস্থা করা হয় ম্যাজিস্ট্রেট দিয়ে সুরতহালের। অন্যদিকে ধৃত অমিতকে নিয়ে পুলিশের একটি দল রওনা হয় পুরুলিয়া জেলা আদালতের উদ্দেশ্যে। আপাতত দশ দিনের জন্য পুলিশি হেফাজতের আর্জি জানানো হবে জেলা আদালতে। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, সম্পর্কের জেরে এই ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু হয়েছে।