
শ্যামপুর ১ ব্লকের বাসুদেবপুরে নদী বাঁধে নতুন করে ভাঙন
Bengal icon news উলুবেড়িয়া:সপ্তাহ দুয়েক আগে শ্যামপুর ১ ব্লকের বাসুদেবপুরে হুগলী নদীর পশ্চিম পাড়ে বেশ কয়েক ফুট নদী বাঁধ নদীগর্ভে চলে গিয়েছিল। আর সেই ভাঙনের রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে আবারও নতুন করে ওই এলাকায় নতুন করে ২০ ফুটের মত নদী বাঁধ নদীগর্ভে চলে গেল। আর এতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে ভাঙন রোধে কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। অন্যদিকে রবিবার সকালে এলাকা পরিদর্শনে যান সেচ দপ্তরের আধিকারিকরা। সেচ দপ্তর সূত্রে খবর ভাঙন রোধে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত সপ্তাহ দুয়েক আগে বাসুদেবপুরে প্রায় ৫০ ফুট নদী বাঁধ নদীগর্ভে চলে যায়। এরপরেই সেচ দপ্তরের পক্ষ থেকে ভাঙন রোধে কাজ করা হয়। নদীর পাড়ে বাঁশের খাঁচা পাতার পাশাপাশি বস্তার মধ্যে ইঁটের টুকরো ভর্তি করে পাড়ে ফেলা হয়। পাশাপাশি নদীর জলের ঢেউয়ে পাড়ের ক্ষতি আটকাতে নদীর পাড় জিও শীট দিয়ে ঢেকে দেওয়া হয়। এদিকে নদী ভাঙনের পরেই সেচ দপ্তরের আধিকারিকরা দফায় দফায় এলাকা পরিদর্শন করেন। পোর্ট ট্রাস্টের আধিকারিকরাও এলাকা পরিদর্শন করেন। সূত্রের খবর ভাঙন রোধে সোমবার পোর্ট ট্রাস্টের আধিকারিকদের সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদের বৈঠক হওয়ার কথা। এদিকে হুগলী নদীর পশ্চিম পাড় ক্রমাগত ভাঙনের কবলে পড়ায় যে তথ্য সামনে এসেছে তাতে আতঙ্ক আরোও বাড়িয়েছি। জানা গেছে বছর দেড়েক আগে বাসুদেবপুরে হুগলী নদীর পশ্চিম পাড় থেকে ডিপ চ্যানেলের দূরত্ব ৫৫০ ফুট থাকলেও বর্তমানে সেই দূরত্ব কমে দাঁড়িয়েছে ১৫০ ফুটে। এলাকার বাসিন্দাদের বক্তব্য নদীর ড্রেজিং না করলে এই সমস্যা মিটবে না।