
*কেরালা থেকে কফিনবন্দি হয়ে ফিরল ঘরের ছেলে! ১৪ বছর পর ভিনরাজ্যে মৃত্যু সাগরের পরিযায়ী শ্রমিকের*
অমিত মণ্ডল, সাগর:
পরিবারের মুখে হাসি ফোটাতে কেরালায় পাড়ি দিয়েছিলেন। দীর্ঘ ১৪ বছর ধরে সেখানেই চলছিল হাড়ভাঙা খাটুনি। কিন্তু আচমকাই সব শেষ! কেরালায় কাজ করতে গিয়ে অকাল মৃত্যু হলো সাগরের এক যুবকের। তাঁর নিথর দেহ গ্রামে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লেন পরিজনরা, শোকে স্তব্ধ গোটা মনসা দ্বীপ এলাকা।
মৃত পরিযায়ী শ্রমিকের নাম সুব্রত ভূঁইয়া (৩৮)। তাঁর বাড়ি সাগরের মনসা দ্বীপ এলাকায়।
গত প্রায় ১৪ বছর ধরে তিনি কেরালার তালেশ্বরীতে একটি ঠিকাদারি সংস্থায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ আগে কাজ চলাকালীন আচমকাই পেট ও বুকে তীব্র ব্যথা অনুভব করেন সুব্রত। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত গত ৪ সেপ্টেম্বর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন সুব্রত। তাঁকে অকালে হারিয়ে আজ আক্ষরিক অর্থেই অথৈ জলে পড়েছেন তাঁর স্ত্রী সুষমা ভূঁইয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
গ্রামে সুব্রতর নিথর দেহ এসে পৌঁছাতেই শেষবারের মতো ঘরের ছেলেকে দেখতে ভিড় জমান গোটা গ্রামের মানুষ।