
*জল-যন্ত্রণায় বামনগাছিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, দ্রুত নিকাশির দাবিতে সরব স্থানীয়রা*
Bengal icon news , হাওড়া: টানা ভারী বৃষ্টিতে হাওড়ার বিভিন্ন প্রান্তে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টি থামলেও জমে থাকা জল না নামায় চরম দুর্ভোগে পড়েছেন উত্তর হাওড়ার বামনগাছি এলাকার বাসিন্দারা। জমা জল দ্রুত সরানো এবং স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবিতে রবিবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, বামনগাছির মহীনাথ পাড়া-সহ বিস্তীর্ণ এলাকায় কয়েকদিন ধরে হাঁটুর উপরে জল জমে রয়েছে। বেনারস রোডেও একই পরিস্থিতি। রাস্তা ও আশপাশের এলাকা থেকে জল সঠিকভাবে বেরতে না পারায় পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। দীর্ঘসময় জল জমে থাকায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। এই জল-যন্ত্রণার দ্রুত অবসানের দাবিতে এদিন বামনগাছি মহীনাথ পাড়ার কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় মহিলারা-সহ এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, জমে থাকা জল দ্রুত নিষ্কাশনের পাশাপাশি ভবিষ্যতে যাতে একই সমস্যার পুনরাবৃত্তি না হয়, তার জন্য স্থায়ী নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে হবে। এদিকে, অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পাশাপাশি বিজেপির স্থানীয় নেতৃত্বও সেখানে উপস্থিত হন। পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান বিক্ষোভকারীরা। দীর্ঘদিনের জল-যন্ত্রণা থেকে মুক্তি না মিললে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।