গদাই কর্মকার মালদাঃ জনগণনার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মালদায় এলেন জয়েন্ট ডিরেক্টর কেকা ঘোষ। বুধবার বিকেলে মালদা শহরের মকদুমপুর বাঁধ রোড এলাকায় গিয়ে জনগণনার কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন, মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক শ্রীনিবাস পাতিল, ইংরেজবাজার পৌরসভার এক্সিকিউটিভ অফিসার শ্বেতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শনের সময় আধিকারিকরা বাড়ি বাড়ি জনগণনার কাজ কীভাবে চলছে, নির্ধারিত তথ্য সঠিকভাবে নথিভুক্ত করা হচ্ছে কিনা এবং কোনও পরিবার বা ব্যক্তি জনগণনার আওতা থেকে বাদ পড়েছেন কিনা, তা খতিয়ে দেখেন। পাশাপাশি জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে জনগণনার কাজে মালদা জেলা বর্তমানে প্রথম স্থানে রয়েছে। সেই কাজের গতি ও গুণগত মান বজায় রাখতেই এদিন আধিকারিকদের এই পরিদর্শন।