দেবু সিংহ মালদাঃ ফের জাতীয় সড়ক থেকে অবৈধ দখলদার হঠাতে উচ্ছেদ অভিযান চলল মালদার কালিয়াচকে। জাতীয় সড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদ করতে বুলডোজার অভিযান চালালেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সোমবার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কালিয়াচকের জালালপুর এলাকায় জাতীয় সড়ক ১২-এর পাশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিন জাতীয় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন ছোট দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানকে ঘিরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। জাতীয় সড়কের টোল ম্যানেজার অভিজিৎ দাস জানান, প্রায় ১৫ দিন আগে থেকেই জাতীয় সড়কের জায়গা দখল করে থাকা ব্যবসায়ী ও বাড়ির মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পর অধিকাংশ মানুষ নিজেরাই দোকানপাট ও বাড়িঘর সরিয়ে নিয়েছেন। তবে যারা এখনও দখল সরাননি, তাদের স্থাপনা এদিন বুলডোজার দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সোমবার জালালপুর থেকে এই অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে কালিয়াচকের বালিয়াডাঙ্গা পর্যন্ত জাতীয় সড়কের দুই ধারে থাকা সমস্ত অবৈধ দখল উচ্ছেদ করে সড়ককে দখলমুক্ত করা হবে।