গদাই কর্মকার মালদাঃ স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে গঙ্গা ও বিভিন্ন এলাকা পরিষ্কারের অভিযান শুরু হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত। সেই কর্মসূচির অংশ হিসেবে রবিবার মালদা শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত মনীষীদের মূর্তি পরিষ্কার করা হয়।
এদিন মালদা কলেজের ছাত্রছাত্রীরা উদ্যোগ নিয়ে জল স্প্রে করে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-সহ অন্যান্য মনীষীদের মূর্তি পরিষ্কার করেন। মূর্তিগুলির আশপাশের এলাকাও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। স্বচ্ছতার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার এক্সিকিউটিভ অফিসার স্বাতী চক্রবর্তী, কাউন্সিলর কৃষ্ণা নাথ, বিশিষ্ট সমাজসেবী মানব চক্রবর্তী-সহ অন্যান্যরা।