গদাই কর্মকার মালদাঃ নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করল মালদা জেলা যাদব সভা। শনিবার রাতে থানায় এই অভিযোগ দায়ের করা হয়। এদিন অভিযোগ জানাতে থানায় উপস্থিত ছিলেন, যাদব সভার রাজ্য সভাপতি শ্যামচাঁদ ঘোষ, জেলা কার্যকরী সভাপতি আনন্দ ঘোষ, ইংরেজবাজার শহর সভাপতি সমীর ঘোষ, ডিস্ট্রিক্ট কনভেনার কৌশিক ঘোষ-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।
অভিযোগ দায়েরের পর যাদব সভার রাজ্য সভাপতি শ্যামচাঁদ ঘোষ জানান, রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নওদার বিধায়ক হুমায়ুন কবির উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে তাঁদের অভিযোগ। পাশাপাশি জাত তুলে কটূক্তি করারও অভিযোগ তোলা হয়েছে বিধায়কের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন থানার পাশাপাশি মালদা জেলা যাদব সভার পক্ষ থেকেও ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সংগঠনের দাবি, অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। হুমায়ুন কবিরকে গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে তাদের।