গদাই কর্মকার মালদাঃ মালদায় বিকল্প অর্থকরী ফসল হিসেবে মালটা চাষ করে সাফল্য পেয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক অনুপ কুমার ঝা। পুখুরিয়া থানার বেতাহা এলাকায় প্রায় নয় বিঘা জমিতে তিনি এক হাজারেরও বেশি মালটা গাছ লাগিয়েছেন। তাঁর বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর এলাকায়।
বর্তমানে গাছগুলিতে ভালো ফলন হওয়ায় বাণিজ্যিকভাবে মালটা বাজারজাত করছেন তিনি। জানা গিয়েছে, প্রথমে বাংলাদেশে ‘বাড়ি এক’ প্রজাতির মালটার ফলন শুরু হয়েছিল। বর্তমানে ভারতের নাসিক এলাকা থেকেও দেশের বিভিন্ন প্রান্তে এই মালটা সরবরাহ করা হয়।
অনুপবাবু জানান, তাঁর দাদা কৃষিবিজ্ঞানী। ২০১৮ সালে মালদায় বিকল্প চাষের পরামর্শ দিতে গিয়ে তিনি মালটা চাষের কথা বলেন। সেই পরামর্শ মেনে জেলায় প্রথম মালটা চাষ শুরু করেন অনুপবাবু। প্রথমদিকে পরিকল্পিতভাবে গাছ লাগাতে না পারলেও পরবর্তীতে অভিজ্ঞতা ও পরিচর্যার মাধ্যমে সাফল্য পান।
সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবর মাস পর্যন্ত গাছ থেকে মালটা পেড়ে বাজারজাত করা হয়। মালদার পাশাপাশি বিহার-সহ বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা এই ফল কিনে নিয়ে যাচ্ছেন। জেলার আমবাজারের ব্যবসায়ীরাও মালটা সংগ্রহ করছেন।
অনুপবাবুর দাবি, মালদার মাটি ও আবহাওয়া মালটা চাষের জন্য যথেষ্ট উপযোগী। এখানকার ফলের স্বাদ ও গুণমানও ভালো।
English Bazar, Maldah | Sep 21, 2026