মালদা: স্বামী ভিনরাজ্যে কর্মরত। স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানা এলাকার একটি গ্রামে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারের দাবি, ভোরে ওই মহিলা ধান সেদ্ধ করছিলেন। বাড়ির বাইরে জল ফেলতে যেতেই স্থানীয় এক ব্যক্তি ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। এরপর ওই মহিলা চিৎকার করে পরিবারের লোকেদের ডাকতেই ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলার গলায় ও পিঠে কোপ মারা হয়। পরিবারের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তড়িঘড়ি মালদা মেডিকেলে ভরতি করা হয় ওই মহিলাকে। ওই মহিলার শরীরে ২১টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। এই ঘটনায় মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক বলে পুলিশ সূত্রে খবর।
নির্যাতিত মহিলার দিদি জানান, বোন ভোরে ধান সেদ্ধ করছিল। বাড়ির পেছনে জল ফেলতে যেতেই স্থানীয় এক ব্যক্তি বোনকে ধর্ষণের চেষ্টা করে। বোন চিৎকার করে শ্বশুরবাড়ির লোকেদের ডাক দিলে ওই ব্যক্তি বোনের গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ মারে। বোনের গলাতে ১২টা এবং পিঠে ৯টা সেলাই পড়েছে। আমরা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি।