গদাই কর্মকার মালদাঃ কৌশিকী অমাবস্যা উপলক্ষে ঢাক-কাঁসর বাজিয়ে তারাপীঠের আদলে তারা মায়ের পুজোর আয়োজন করল ডলফিন ক্লাব। বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী সাবওয়ে গেট সংলগ্ন এলাকায় ক্লাবের উদ্যোগে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়।
তারাপীঠের আদলে সাজিয়ে তোলা হয় পুজো প্রাঙ্গণ। কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে নিষ্ঠার সঙ্গে পুজো দিতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান বহু ভক্ত। এ বছর ডলফিন ক্লাবের এই বাৎসরিক পুজো ১১তম বর্ষে পদার্পণ করেছে। উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল, ক্লাব কর্তা সৌভিক মণ্ডল-সহ অন্যান্য সদস্য ও এলাকার বিশিষ্টজনেরা।
পুজো উপলক্ষে রাতে সকলের শান্তি ও মঙ্গল কামনায় মহাযজ্ঞের আয়োজন করা হয়। পাশাপাশি ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থাও করা হয় ক্লাবের পক্ষ থেকে।