গদাই কর্মকার মালদাঃ পবিত্র সেন গ্যালারি কাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বাৎসরিক কালীপুজোর আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে ঢাক-কাঁসর বাজিয়ে নিয়ম-নিষ্ঠার সঙ্গে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়। ফিতে কেটে পুজোর সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদার, যাদব সভার রাজ্য সভাপতি শ্যামচাঁদ ঘোষ, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি অসিত কুমার সাহা, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, হিমাদ্রি রায়, পবিত্র সেন গ্যালারি কাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি হরেন্দ্রনাথ দত্ত, সম্পাদক কৌশিক ঘোষ-সহ অন্যান্য ব্যবসায়ীরা।
প্রতিবছরের মতো এবারও কৌশিকী অমাবস্যায় নিয়ম-নিষ্ঠার সঙ্গে কালীপুজোর আয়োজন করে ব্যবসায়ী সমিতি। পুজো উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার নজিরও রাখেন ব্যবসায়ীরা। শতাধিক দুস্থ মহিলার হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র ও মিষ্টির প্যাকেট। পুজোকে ঘিরে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।