অপূর্ব বর্মন বামনগোলা: বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সামনে রেখে ১০ দফা দাবিতে পথে নামলেন আইসিডিএস কর্মী ও সহায়িকারা। বৃহস্পতিবার দুপুরে ভারতীয় মজদুর সংঘের মালদহ জেলা কমিটির বামনগোলা আইসিডিএস কর্মী ও সহায়িকাদের উদ্যোগে বামনগোলা ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
এদিন পাকুয়াহাট মিনি হাসপাতাল থেকে একটি মিছিল বের করেন আইসিডিএস কর্মী ও সহায়িকারা। মিছিলটি পাকুয়াহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বামনগোলা বিডিও অফিসে পৌঁছয়। সেখানে সংগঠনের প্রতিনিধিরা তাঁদের ১০ দফা দাবি তুলে ধরে ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আইসিডিএস প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রশাসনিক ও কর্মসংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সেই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতেই এ দিনের কর্মসূচি।
তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে, আইসিডিএস প্রকল্পের কাজে সিডিপিও-র নিয়মিত ও কার্যকর তদারকি নিশ্চিত করা এবং কর্মীদের অযথা হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। পাশাপাশি দীর্ঘদিন ধরে বকেয়া থাকা ভেজিটেবল বিল ও ফুয়েল বিল দ্রুত নিষ্পত্তি করে কর্মীদের প্রাপ্য অর্থ সময়মতো দেওয়ার দাবি জানানো হয়েছে। বিশেষ করে মে ও জুন মাসের ভেজিটেবল বিল-সহ অন্যান্য বকেয়া বিল দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিও রয়েছে।
এছাড়াও আইসিডিএস কেন্দ্র ও গ্রুপগুলির জন্য প্রয়োজনীয় অর্থ এবং সামগ্রী সময়মতো সরবরাহ করা, যাতে কর্মীদের নিজেদের পকেটের টাকা খরচ করে পরিষেবা চালাতে না হয়, সেই দাবিও তোলা হয়েছে। সমস্ত আইসিডিএস কেন্দ্রে পর্যাপ্ত ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা এবং প্রি-স্কুল কর্মসূচি-সহ অন্যান্য অতিরিক্ত কাজের চাপ বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করার দাবিও জানানো হয়। কর্মীদের উপর অপ্রয়োজনীয় অতিরিক্ত দায়িত্ব চাপানো বন্ধের দাবিও রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, তাঁদের দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের মালদহ জেলা সভাপতি সজল গুপ্ত, সংগঠনের অন্যতম সদস্য সমর বিশ্বাস-সহ বামনগোলা এলাকার আইসিডিএস কর্মী ও সহায়িকারা।