নারিকেল পাড়তে গিয়ে রহস্যজনক কামড়, রাতেই মৃত্যু সিভিল ডিফেন্স কর্মীর।
গঙ্গাসাগরের লাইট হাউস মোড় এলাকায় এক অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত যুবকের নাম কমল দাস, বয়স আনুমানিক ৩০ বছর। পরিবারের দাবি, নারিকেল পাড়তে গিয়ে তাঁর হাতে কোনও একটি প্রাণী বা পোকামাকড় কামড় দেয়। তবে ঘটনার পর প্রথমদিকে তাঁর তেমন কোনও শারীরিক সমস্যা দেখা যায়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে আচমকাই কমল দাসের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট শুরু হয় এবং ক্রমশ তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরিস্থিতির অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, কমল দাস সিভিল ডিফেন্সের কাজে যুক্ত ছিলেন। তাঁর অকালমৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রেখে গেলেন দুই ছোট সন্তানকে—একজনের বয়স প্রায় ১০ বছর এবং অন্যজনের বয়স মাত্র আড়াই বছর। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
প্রশাসনের পক্ষ থেকে মৃত কমল দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
#gangasagar #sagardwip #news #snakebite #snake #deathnews
গঙ্গাসাগর বেলাভূমি.com