অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা না পেয়ে সাগর বিডিও অফিসের সামনে মহিলাদের বিক্ষোভ।
সাগর, দক্ষিণ ২৪ পরগনা: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে না পাওয়ার অভিযোগে সাগরের রুদ্রনগরে বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন একাধিক মহিলা। চলতি মাসের ১৭ আগস্ট থেকে রাজ্য সরকারের উদ্যোগে অন্নপূর্ণা যোজনার আওতায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
সরকারি নির্দেশ অনুযায়ী ১৭ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী রাজ্যের বহু মহিলার অ্যাকাউন্টে টাকা জমা পড়লেও অভিযোগ, এখনও কিছু সংখ্যক উপভোক্তা এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, অনলাইনে স্ট্যাটাস চেক করতে গিয়ে কারও কারও ক্ষেত্রে পুনরায় ভেরিফিকেশনের বার্তা দেখাচ্ছে। আবার অনেকেই দাবি করেছেন, গত মাসে তাঁরা এই প্রকল্পের টাকা পেলেও চলতি মাসে এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। এই সমস্যার সমাধানের দাবিতেই এদিন তাঁরা সাগর রুদ্রনগর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান।
পরিস্থিতি একসময় উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সমস্যা সমাধানের লক্ষ্যে বিডিও অফিসের পক্ষ থেকে বিক্ষোভকারী মহিলাদের তথ্য ও নথি যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু করা হয়।
এখন প্রশাসনের এই যাচাই প্রক্রিয়ার পর কবে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পৌঁছায়, সেদিকেই তাকিয়ে রয়েছেন বিক্ষোভকারী মহিলারা।
#gangasagar #sagarbdooffice #annopurnarbhandar #westbangalgov #sagardwip #news #banglanews
গঙ্গাসাগর বেলাভূমি.com