দেবু সিংহ মালদাঃ গত ২৪ ঘন্টায় গঙ্গার জলস্তর বেড়েছে অস্বাভাবিক হারে। আর এরই জেরে আরও অবনতি হল মালদার মানিকচকের ভূতনীর বন্যা পরিস্থিতির। নতুন করে বানবাসী হলেন ভূতনীর বিভিন্ন গ্রামের বাসীন্দারা। ফলে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেড়িয়ে পড়লেন বানভাসী দুর্গতরা। মঙ্গলবার সকাল থেকে এমনই দৃশ্য নজরে এল ভূতনী ব্রীজ সংলগ্ন এলাকায়।, সকাল থেকেই ভূতনীর বিভিন্ন জলবন্দী গ্রামের বাসীন্দারা তাদের ঘরবাড়ি ছেড়ে নৌকা করে বেড়িয়ে পড়েন ত্রাণ শিবিরে আশ্রয় নিতে। ত্রাণ শিবিরে আশ্রয় নিতে আসা মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেল, গত ২৪ ঘন্টায় ভূতনীতে গঙ্গার জলস্তর অস্বাভাবিক হারে বেড়েছে। যার জেরে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। সেই কারণে তারা ঘরবাড়ি ছেড়ে ছেলেপুলে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেড়িয়ে পড়েছেন। কিন্তু জলবন্দী গ্রাম থেকে ভূতনী ব্রীজ পর্যন্ত আসতে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে। দুর্গতদের অভিযোগ, পর্যাপ্ত নৌকার ব্যবস্থা নেই। প্রয়োজনের তুলনায় অনেক সময় নৌকা দেওয়া হয়েছে। যে নৌকা দেওয়া হয়েছে তাতেও মাঝিরা টাকা তুলছেন। টাকা দিয়েই আসতে বাধ্য হচ্ছেন। এই অভিযোগ পেয়ে এবং পর্যাপ্ত সংখ্যক নৌকার ব্যবস্থা করতে এলাকায় ছুটে যান মানিকচকের বিধায়ক গৌড় চন্দ্র মন্ডল।