পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে চোলাই কারখানায় পুলিশের হানা, বাজেয়াপ্ত প্রচুর সরঞ্জাম
পূর্ব বর্ধমান:ফের বড় সাফল্য খণ্ডঘোষ থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার খণ্ডঘোষ ব্লকের খুদকুড়ি দক্ষিণপাড়া এলাকায় একটি চোলাই মদের কারখানায় হানা দেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বাড়ির ভিতরেই রীতিমতো কুটির শিল্পের আদলে চলছিল চোলাই মদ তৈরির কারবার। অভিযানে হতবাক পুলিশ কর্মীরা।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে –
- চোলাই তৈরির জন্য ব্যবহৃত বড় বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও ড্রাম
- গ্যাস সিলিন্ডার, বার্নার ও পাইপ
- বোঝাই করে রাখা বহু খালি ড্রাম
আটক করা চোলাই মদ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয় পুলিশের তরফে। গোটা সরঞ্জাম বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একটি গাড়িও আটক করা হয়েছে যাতে করে এই সব জিনিস পরিবহন করা হতো বলে অনুমান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অবৈধ কারবারের জেরে এলাকায় নেশার প্রকোপ বাড়ছিল। পুলিশের এই অভিযানে স্বস্তিতে এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ চোলাই কারবারের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান চলবে।