মালদা প্রতিদিন নিউজঃ একাধিক অভিযোগে পুলিশের জালে ধৃত মালদার ব্যবসায়ী অমরদীপ সাহা ওরফে বিহারী ভাইয়াকে বুধবার পেশ করা হল মালদা জেলা আদালতে।আদালতে পেশ করল ইংরেজবাজার থানার পুলিশ। উল্লেখ্য, অমরদীপ সাহা ওরফে বিহারী ভাইয়া মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকার বাসীন্দা। পেশায় ব্যবসায়ী হলেও, তিনি সুদের বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই একাধিক অভিযোগ উঠছিল। সম্প্রতি তার বিরুদ্ধে এক মহিলা সুদের টাকা আদায়ে বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুর, মহিলা সহ তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে মারধর, হুমকি প্রদর্শন সহ একাধিক অভিযোগ তুলে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ বালুচর এলাকা থেকে অমরদীপ সাহা ওরফে বিহারী ভাইয়াকে গ্রেপ্তার করে বলে খবর। এরপর বুধবার তাকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। যদিও ধৃত অমরদীপ সাহা দাবী করেন, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা। তিনি রাজনীতির শিকার।