জমি সংক্রান্ত বিবাদের জেরেই ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধের উপর হামলা ।।
জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ৬৬ বছরের এক বৃদ্ধের উপর দা, লাঠি ও রড নিয়ে হামলার অভিযোগ উঠেছে তাঁরই নিকট আত্মীয়দের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন লক্ষীনগর ২ নম্বর ওয়ার্ড এলাকায়। আহত বৃদ্ধের নাম আপ্তার আলী।পরিবার ও অভিযোগকারীর দাবি, শুক্রবার ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন আপ্তার আলী। পথে তাঁকে আটকিয়ে জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে আনোয়ার হোসেন, জয়নাল আলী, আব্দুর রহমান, মইনুদ্দিন-সহ কয়েকজন তাঁর উপর চড়াও হন। অভিযুক্তরা দা, লাঠি ও রড দিয়ে হামলা চালান বলে অভিযোগ। আচমকা হামলায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ।ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত আপ্তার আলীকে কদমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকরা তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।এ ঘটনায় ন্যায়বিচারের দাবিতে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।তবে হামলার প্রকৃত কারণ, ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন এবং অভিযোগের সত্যতা কতটা—তা তদন্তের পরই স্পষ্ট হবে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কী আইনানুগ ব্যবস্থা নেয়, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura