
*আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৭-এর প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরে মুখ্যসচিব মনোজ আগরওয়াল*
অমিত মণ্ডল, গঙ্গাসাগর:
আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ২০২৭। মেলাটিকে সম্পূর্ণ সুষ্ঠু, নিরাপদ এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে এখন থেকেই তৎপর রাজ্য প্রশাসন। সেই প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।গঙ্গাসাগরে পৌঁছেই প্রথমে ডিএম মেলা অফিসে প্রশাসনের বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন মুখ্যসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিনিধিরা।আসন্ন মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল সামলানো, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, নিরাপত্তা বলয়, পানীয় জল সরবরাহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং পুণ্যার্থীদের রাত্রিবাসের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষ করে মুখ্যসচিব সরাসরি মেলা প্রাঙ্গণের বিভিন্ন এলাকা ঘুরে প্রস্তুতির কাজ নিজে খতিয়ে দেখেন।
প্রতিবছর দেশ-বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মেলা শুরুর আগেই সমস্ত পরিকাঠামোগত কাজ নিখুঁতভাবে শেষ করতে চাইছে রাজ্য সরকার।
প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রেখে এবারের গঙ্গাসাগর মেলাকে এক ঐতিহাসিক রূপ দেওয়ার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে।