নদীভাঙনে অস্তিত্বের সংকটে মৌশুনী পর্যটন কেন্দ্র! ক্রমশ সংকুচিত হচ্ছে সৈকত, জীবিকা হারানোর আশঙ্কায় স্থানীয়রা
রবীন্দ্রনাথ মন্ডল, নামখানা:একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা। কখনও ঘূর্ণিঝড়, কখনও জলোচ্ছ্বাস, আবার কখনও নদীর প্রবল স্রোতে ভাঙছে দ্বীপের মাটি। প্রকৃতির এই ধারাবাহিক আঘাতে এবার অস্তিত্বের সংকটে দক্ষিণ ২৪ পরগনার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মৌশুনী। নদীভাঙনের গ্রাসে ক্রমশ সংকুচিত হচ্ছে পর্যটন কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা। একসময় যে সৈকত ও নদীপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করত, আজ সেই এলাকাই ক্রমশ হারিয়ে যাওয়ার আশঙ্কায়। শুধু পর্যটন কেন্দ্রের জমি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা কয়েকশো মানুষের রুজি-রোজগার নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙনের সমস্যা চললেও স্থায়ী সমাধানের কোনও ব্যবস্থা হয়নি। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, পর্যটন কেন্দ্রের অস্তিত্ব রক্ষায় এবার নিজেদের উদ্যোগেই মাঠে নেমেছেন হোটেল ও রিসর্ট মালিকরা। নিজেদের অর্থ খরচ করে কোথাও মাটি ফেলে, কোথাও অস্থায়ীভাবে বাঁধ মেরামত করে ভাঙন আটকানোর চেষ্টা করছেন তাঁরা। কিন্তু প্রকৃতির সঙ্গে এই অসম লড়াই কতদিন চালানো সম্ভব, তা নিয়েই এখন চিন্তিত পর্যটন ব্যবসায়ীরা।
আসলে মৌশুনী পর্যটন কেন্দ্র কেবল ঘুরতে আসা মানুষের অবকাশযাপনের জায়গা নয়, দ্বীপের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিও। এই পর্যটনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একাধিক হোটেল, রিসর্ট, হোমস্টে ও ছোট ব্যবসা। পর্যটকদের আনাগোনার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন স্থানীয় গাড়িচালক, নৌকাচালক, মাছ বিক্রেতা, দোকানদার থেকে শুরু করে বহু কর্মী। পর্যটন কেন্দ্রের এলাকা ক্রমশ ছোট হয়ে এলে স্বাভাবিকভাবেই ধাক্কা লাগবে এই সমস্ত ব্যবসায়। কাজ হারানোর আশঙ্কায় দিন কাটছে বহু পরিবারের। পাশাপাশি ভাঙনের প্রভাব পর্যটন কেন্দ্র লাগোয়া গ্রামগুলিতেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।
মৌসুনীর হোটেল মালিক অরুণ জানা বলেন, "পর্যটন কেন্দ্র ক্রমশ ভাঙনের কবলে পড়ছে। পূর্বতন সরকারের আমলে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনও কাজ হয়নি। বর্তমানে এলাকার বিধায়ক স্থায়ী নদীবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন। আমরা চাই, দ্রুত সেই কাজ শুরু হোক।" তাঁর বক্তব্য, অস্থায়ীভাবে বাঁধ মেরামত করে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও স্থায়ী সমাধান না হলে পর্যটন কেন্দ্রকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।
অন্যদিকে, বিজেপি নেতা নারায়ণ পড়্যা জানান, শুখা মরসুমে ওই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ করা হবে। ফলে স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হলেও কবে বাস্তবে কাজ শুরু হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এ বিষয়ে সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, "সিআরজেডের নিয়ম না মেনে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ফলেই মৌশুনীতে ভাঙনের সমস্যা ক্রমশ বাড়ছে। ওই এলাকায় স্থায়ী নদীবাঁধ নির্মাণ করা হবে।"
তবে শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তব পদক্ষেপ চাইছেন দ্বীপের বাসিন্দারা। তাঁদের দাবি, নদীভাঙন রোধে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি পর্যটন কেন্দ্র সংলগ্ন গ্রামগুলিকেও সুরক্ষার আওতায় আনতে হবে। কারণ, মৌশুনী পর্যটন কেন্দ্রের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে দ্বীপের বহু মানুষের ভবিষ্যৎ।
প্রকৃতির রোষে ক্রমশ জমি হারাচ্ছে মৌশুনী। এবার কি প্রশাসনিক উদ্যোগে রক্ষা পাবে এই পর্যটন কেন্দ্র? নাকি নদীভাঙনের গ্রাসে একদিন হারিয়ে যাবে দ্বীপের পর্যটনের অন্যতম ঠিকানা? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয় বাসিন্দা, হোটেল মালিক ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ।