
*মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল! মৌসুনিতে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ*
অমিত মণ্ডল, নামখানা:
মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় কিছুতেই থামছে না অবৈধ বালির কারবার। নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত মৌসুনি এলাকায় দিনের আলোয় প্রকাশ্যেই নদী ও নদীর চর থেকে অবৈধভাবে বালি কেটে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। ‘মা বর্গভীমা’ নামের একটি ট্রলারে করে সেই বালি নিয়ে এসে বিক্রি করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক নজরদারি এড়িয়ে এমন বেআইনি কারবার চলায় ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। অভিযোগ উঠেছে, মুড়িগঙ্গা নদীর মাঝখানে জেগে ওঠা চর থেকে অবাধে বালি কাটা হচ্ছে। এরপর সেই বালি ‘মা বর্গভীমা’ ট্রলারে বোঝাই করে বিভিন্ন জায়গায় পাচার ও বিক্রি করা হচ্ছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম। সিপিআইএম নেতা সজল ঘড়ুই বলেন, এই অবৈধ বালি চক্রের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি বা অসাধু চক্রের গভীর মদত রয়েছে। প্রশাসন সবকিছু জেনেও নীরব। অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে তারা।
বিজেপি নেতা নারায়ণ পড়্যাএই প্রসঙ্গে বলেন, "বিষয়টি আমাদের জানা নেই। তবে যদি কেউ অবৈধভাবে বালি তুলে থাকেন, তবে প্রশাসন অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।"
সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, "আমাদের একটু সময় দিন। অবৈধ কোনো কাজ আমাদের সরকার চলতে দেবে না। শুধুমাত্র বৈধ কাজই নিয়ম মেনে চলবে।"
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও জেগে ওঠা চড়া থেকে বালি কেটে এনে মৌসুনিতে তোলার ছবি প্রশ্ন তুলে দিয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে।