
*ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ১৮ থেকে ২১ নভেম্বর সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা, নামখানায় নদীপথে মাইকিং প্রশাসনের*
অমিত মণ্ডল, নামখানা:
ফের সুন্দরবনের উপকূলের দিকে চোখ রাঙিয়ে এগোচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’। প্রাকৃতিক এই দুর্যোগের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ। মৎস্যজীবীদের সুরক্ষার কথা মাথায় রেখে আগামী ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার দিনভর নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে মাইকিং প্রচার চালিয়ে মৎস্যজীবীদের দ্রুত কূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে নামখানা থানার পুলিশ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের জেরে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপকূলবর্তী এলাকায় এখন থেকেই তৎপরতা শুরু করেছে সুন্দরবন পুলিশ জেলা ও স্থানীয় প্রশাসন।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ১৮ নভেম্বর অর্থাৎ আজ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কোনো মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না। ইতিমধ্যেই যারা মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে বা নদীতে রয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদ স্থানে বা কূলে ফিরে আসার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। বুধবার সকাল থেকেই নামখানা থানার পক্ষ থেকে হাতানিয়া দোয়ানিয়া নদীর বিভিন্ন ঘাটে ও জলপথে লঞ্চ থেকে মাইকিং প্রচার চালানো হয়। প্রশাসনের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সকল মৎস্যজীবী ও উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রকৃতির খামখেয়ালিপনায় সম্ভাব্য এই দুর্যোগ থেকে সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের সুরক্ষিত রাখার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।