
*জাতীয় সড়কে বেআইনিভাবে চলাচলের অভিযোগ, অন্য গাড়ির নম্বর প্লেট লাগানো অ্যাম্বুলেন্স আটক পুলিশের*
Bengal icon news জাতীয় সড়কে বেআইনিভাবে চলাচলের অভিযোগে একটি অ্যাম্বুলেন্স আটক করল সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের পুলিশ। শুক্রবার দুপুর নাগাদ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কাশিনগর এলাকায় অ্যাম্বুলেন্সটিকে আটক করা হয়। অভিযোগ, অ্যাম্বুলেন্সটির নম্বর প্লেট আসল নয়। অন্য একটি গাড়ির নম্বর প্লেট লাগিয়েই চলাচল করছিল সেটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে অ্যাম্বুলেন্সটি কাকদ্বীপের লট নম্বর ৮-এর ভেসেল ঘাটে এক রোগীকে পৌঁছে দিতে এসেছিল। রোগীকে নামিয়ে দেওয়ার পর সেটি ডায়মন্ড হারবারের দিকে ফিরে যাচ্ছিল। সেই সময় কাশিনগর এলাকায় সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের কর্মীরা প্রতিদিনের মতো বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করছিলেন।
সেই সময় ওই অ্যাম্বুলেন্সটির কাগজপত্র ও নম্বর প্লেট পরীক্ষা করতে গিয়ে পুলিশের নজরে আসে অসঙ্গতি। প্রাথমিকভাবে দেখা যায়, অ্যাম্বুলেন্সটিতে যে নম্বর প্লেট লাগানো রয়েছে, সেটি অন্য একটি গাড়ির। বিষয়টি সামনে আসতেই অ্যাম্বুলেন্সটিকে আটক করেন ট্রাফিক বিভাগের পুলিশকর্মীরা।
বর্তমানে অ্যাম্বুলেন্স-সহ চালককে হারউড পয়েন্ট কোস্টাল থানায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে অ্যাম্বুলেন্সটিতে অন্য গাড়ির নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছিল, এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের পরেই এই ঘটনার আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।