
*ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি! বকখালিতে পর্যটকদের সতর্ক করল সিভিল ডিফেন্স*
অমিত মণ্ডল, নামখানা:
সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে ভোল বদলাল আবহাওয়ার! ঘূর্ণিঝড়ের সরাসরি আছড়ে পড়ার আশঙ্কা রাজ্যে না থাকলেও, তার পরোক্ষ প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। বকখালি, নামখানা, সাগর, পাথরপ্রতিমা ও কাকদ্বীপসহ উপকূলের সমস্ত এলাকাজুড়েই শীতের আমেজ উধাও করে তৈরি হয়েছে এক প্রকার রেনি ডে পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তর ও দিল্লি মৌসম ভবন সূত্রে খবর, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী সোমবার পর্যন্ত বজায় থাকতে পারে।
ঘূর্ণিঝড় ও নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল রয়েছে। এই পরিস্থিতিতে বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ গ্রহন করেছে প্রশাসন। সমুদ্র সৈকতে ঘোরাঘুরিতে ছাড় দেওয়া হলেও, উত্তাল সমুদ্রে নেমে স্নান করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই বকখালি সৈকত চত্বরে পর্যটকদের সতর্ক করতে লাগাতার মাইকিং প্রচার চালান ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে সচেতন থাকার বার্তা দেওয়া হচ্ছে পর্যটকদের।
আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোরভাবে জারি রয়েছে। কখনো লঞ্চে আবার কখনো এফআইবি বোট নিয়ে নদীর জলপথে ও ঘাটে ঘাটে মৎস্যজীবীদের সতর্ক করছেন পুলিশকর্মীরা।
প্রাকৃতিক এই দুর্যোগের হাত থেকে উপকূলের মানুষ ও পর্যটকদের সুরক্ষিত রাখতে সব দিক থেকে বাড়তি নজরদারি চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।