
মাইক্রোসফ্ট বিভ্রাটের আঁচ ভারতেও, দিল্লি থেকে বাতিল তিনটি বিমান
Bengal icon news বিশ্ব জুড়ে চলছে মাইক্রোসফ্টের প্রযুক্তিগত বিভ্রাট। এ বার তার আঁচ পড়তে শুরু করেছে ভারতের বিমান পরিষেবাতেও। মাইক্রোসফ্টের এই যান্ত্রিক গোলযোগের জেরে বিমানসংস্থা স্পাইসজেট দিল্লি থেকে তাদের তিনটি উড়ান বাতিল করেছে। অন্য বিমানসংস্থাগুলির তরফে এখনও পর্যন্ত কোনও বিঘ্নের খবর পাওয়া না গেলেও, তারা ভ্রমণের আগে যাত্রীদের নিজ নিজ উড়ানের বর্তমান অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে।শুক্রবার সকালে দিল্লি থেকে পুণে, লেহ্ এবং মুম্বইগামী তিনটি উড়ান বাতিল করে স্পাইসজেট। পাশাপাশি, বিলম্বিত হয় দিল্লি থেকে দরভঙ্গা ও মুম্বইগামী এই সংস্থারই আরও দুই উড়ান।অন্য দিকে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে তারা মাইক্রোসফ্ট বিভ্রাটের বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে এবং এখনও তাদের বিমান পরিষেবায় এর কোনও প্রভাব পড়েনি। তাদের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ভাবেই কাজ করছে।যাত্রীরা কোনও ধরনের বাধা ছাড়াই যাতে ইমেল পরিষেবা পান, তা নিশ্চিত করতে ইমেল ট্রাফিক সাময়িক ভাবে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, তারা তাদের নির্ধারিত ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যেই ইমেলের উত্তর দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইন্ডিগো, আকাশ এয়ারের মতো বিমানসংস্থা এবং দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি (অ্যাডভাইজ়রি) জারি করে উড়ান সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখতে অনুরোধ করেছে।উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই বিশ্ব জুড়ে মাইক্রোসফ্টের ‘আউটলুক’-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বড়সড় বিভ্রাট দেখা দেয়। ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করা থেকে শুরু করে এই প্রযুক্তি সংস্থার বিভিন্ন অ্যাপ চালাতে গিয়ে সমস্যায় পড়েন বহু গ্রাহক। আমেরিকার ওয়াশিংটনের রেডমন্ডের এই সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত ইমেল এবং ‘টিম্স’ অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্যার বিষয়ে তারা তদন্ত করছে। সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় মাইক্রোসফ্ট জানিয়েছে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় একাধিক মাধ্যমে ‘এক্সচেঞ্জ অনলাইন’ মেলবক্স ব্যবহার করতে গিয়ে গ্রাহকেরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে বিষয়ে তারা অবগত। ঠিক কী কারণে এই গোলযোগ দেখা দিয়েছে, তা স্পষ্ট না করলেও সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।