
৮৯ রানে অলআউট ভারত, লজ্জার নজির গড়ে হার শ্রেয়সদের
Bengal icon news নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ এক দিনের ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারতীয় দলের ইনিংস। ৩৩৪ রান তাড়া করতে নেমে ০ রানে ৩ উইকেট হারায় ভারত। কোনও রান না করেই আউট হন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার। ইনিংসের প্রথম ওভারেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় ভারতের। শেষ পর্যন্ত নিউ জ়িল্যান্ডের করা ৩৩৩ রানের জবাবে ২৬.৪ ওভারে ৮৯ রানে শেষ হল ভারতের ইনিংস। ৩৩৪ রান তাড়া করে জেতার জন্য ভারতীয় দলের দরকার ছিল একটা আগ্রাসী শুরু। ভরসা ছিলেন অভিজ্ঞ রোহিত এবং কোহলি। অথচ ইনিংসের প্রথম ৫ বলের মধ্যে দু’জনেই শূন্য রানে আউট হয়ে দলকে চাপে ফেলে দিলেন। সেই চাপ আরও বেড়ে যায় প্রথম ওভারের শেষ বলে শ্রেয়স (০) এলবিডব্লিউ হওয়ায়। প্রথম ওভারের পর ভারতের স্কোর দাঁড়ায় ০ রানে ৩ উইকেট! এমন লজ্জাজনক পরিস্থিতিতে আগে কখনও পড়তে হয়নি ভারতীয় দলকে। ম্যাট হেনরিকে প্রথম ওভারে সামলাতেই পারলেন না ভারতীয় ব্যাটারেরা। তাঁর প্রথম ছয় বলেই হেরে বসল ভারতীয় দল। শেষ পর্যন্ত ২৭ রানে ৬ উইকেট নিলেন হেনরি। ৩১ রানে ৩ উইকেট নেওয়া ম্যাথিউ ফিশারও ভারতীয় ব্যাটারদের স্বস্তিতে থাকতে দেননি। ১২ রানে ১ উইকেট জেমিসনের।এর আগে ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের ম্যাচে রো-কো আউট হয়েছিলেন ০ রানে। এই নিয়ে দ্বিতীয় বার এক দিনের আন্তর্জাতিক ম্যাচে দু’জনেই কোনও রান করতে পারলেন না। কোন রান করার আগে ৩ উইকেট হারানোর ঘটনা এক দিনের ক্রিকেটে ঘটল পঞ্চম বার। চলতি বছরেই মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ০ রানে ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এমন ঘটনা প্রথম ঘটে ১৯৮৩ সালের বিশ্বকাপে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ০ রানে ৩ উইকেট হারিয়েছিল পাকিস্তান। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেও এমনই লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে পাকিস্তান। ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ০ রানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শুক্রবার বে ওভালে লজ্জার সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল ভারতও।ভারতীয় দলকে ভরসা দিতে পারেননি আর এক ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও (৫)। তাঁকে আউট করেন কাইল জেমিসন। ৯ রানে ৪ উইকেট হারানোর পর বিশেষ কিছু করার ছিল না ভারতের অন্য ব্যাটারদের। ঈশান কিশন, অক্ষর পটেল, নমন ধীরেরা ব্যাট করলেন হারের ব্যবধান যতটা সম্ভব কম করার লক্ষ্য নিয়ে। ঈশান করলেন ৫৩ বলে ২৭। অক্ষরের ব্যাট থেকে এল ৩৬ বলে ২১। নমন করলেন ২৪ বলে ২১। বে ওভালের ২২ গজে দাঁড়াতে পারেননি আকিব নবি (৫), কুলদীপ যাদব (১), গুরনুর ব্রারেরাও (২)।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এ দিন ভারতকে নেতৃত্ব দেওয়া শ্রেয়স। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগিয়ে নিউ জ়িল্যান্ড ৫০ ওভারে করে ৩৩৩ রান। ওপেন করতে নেমে উইল ইয়ং ১০৮ বলে ১২৫ রান করেন। তিনি ১৪টি চার এবং ৪টি ছয় মারেন। আর এক কিউয়ি ওপেনার টিম সেইফার্ট ৪৮ বলে ৫৮ রান করেন ৬টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে। অ্যালেন করেন ৩০ বলে ৪১। ৫টি চার এবং ২টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে। এ ছাড়া মিচেল স্যান্টনার ২৪, ক্রিস্টিয়ান ক্লার্ক ২২ এবং জেমিসন অপরাজিত ১৯ রান করেন।