
*ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ফ্রেজারগঞ্জের নদীপথে এফআইবি বোট নিয়ে মৎস্যজীবীদের উদ্দেশ্যে মাইকিং পুলিশের, জারি নিষেধাজ্ঞা**
অমিত মণ্ডল, ফ্রেজারগঞ্জ:
সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’-এর ভ্রূকুটি এড়াতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। মৎস্যজীবীদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে নদীপথে লাগাতার মাইকিং প্রচার চালানো হলো। সুন্দরবন পুলিশ জেলার নির্দেশমতো, বুধবার ১৮ নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ করা হয়েছে।
সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এফআইবি বোট নিয়ে ফ্রেজারগঞ্জের এডওয়ার্ড ক্রিক নদীতে নেমে পড়েন। মাঝনদী ও জলপথে থাকা মৎস্যজীবীদের উদ্দেশ্যে স্পিডবোট থেকে লাগাতার মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হয়। আগামী ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কোনো মৎস্যজীবী যাতে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে পাড়ি না দেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে।
ইতিমধ্যে যারা মাছ ধরতে সমুদ্রে গিয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ও ঘাটে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, নতুন করে সমুদ্রযাত্রার প্রস্তুতি নেওয়া ট্রলারগুলির যাত্রা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নামখানার পাশাপাশি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত নদীগুলিতেও প্রশাসনের এই আগাম সতর্কতামূলক পদক্ষেপে উপকূলজুড়ে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের সম্পূর্ণ সহযোগিতা করার আবেদন জানিয়েছে পুলিশ প্রশাসন।