সুন্দরবনে দম্পতির কাছ থেকে উদ্ধার প্রায় ২১ কেজি গাঁ*জা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল সুন্দরবন পুলিশ জেলার বিশেষ পুলিশ টিম। নামখানার সাতমাইল বাজার এলাকা থেকে প্রায় ২১ কেজি গাঁ*জাসহ স্বপন সাহু ও কৃষ্ণা সাহু নামের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা নামখানারই চন্দ্রনগর এলাকার বাসিন্দা।
শুক্রবার সকাল ১০টা নাগাদ ১১৭ নম্বর জাতীয় সড়কের সাতমাইল বাজার দিয়ে দুটি কাঁধের ব্যাগ ও একটি বড় হ্যান্ডব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে হেঁটে যাচ্ছিলেন ওই দম্পতি। আগে থেকেই সেখানে ওত পেতে থাকা সুন্দরবন পুলিশ জেলার এসওজি টিম তাঁদের গতিবিধি লক্ষ করে ফিল্মি কায়দায় ঘিরে ধরে পাকড়াও করেন। এরপর ব্যাগগুলি তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশের। দেখা যায়, ব্যাগের ভেতরে কালো প্লাস্টিকে মোড়া একের পর এক গাঁজার বান্ডিল সাজানো রয়েছে। পরবর্তীতে এসওজি টিম, সাগর এসডিপিও, নামখানা থানার পুলিশ আধিকারিক ও নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO)-এর উপস্থিতিতে সমস্ত মাদক বাজেয়াপ্ত করা হয় এবং ধৃত দম্পতিকে গ্রেপ্তার করে নামখানা থানায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনা নিয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন মাদক নির্মূল করতে আমাদের এই অভিযান আগামী দিনেও আরো জোরদার করা হবে।
এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল, তার নেপথ্যে কোনো বড় পাচারকারী চক্রের হাত রয়েছে কি না—সব দিক খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সুন্দরবন পুলিশ জেলা।