২০২৭-এর গঙ্গাসাগর মেলাকে কুম্ভমেলার আদলে সাজানোর উদ্যোগ, কলকাতা থেকে চালু হবে বিশেষ হেলিকপ্টার পরিষেবা
আসন্ন ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে আরও আকর্ষণীয়, সুশৃঙ্খল ও আধুনিক করে তুলতে বড়সড় পরিকল্পনা নিয়েছে রাজ্য প্রশাসন। এবারের মেলাকে কুম্ভমেলার আদলে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশ-বিদেশের পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলকাতা থেকে সরাসরি গঙ্গাসাগর পর্যন্ত বিশেষ হেলিকপ্টার পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সাগরমেলা অফিসে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক তেওয়ারি-সহ প্রশাসন ও পুলিশের একাধিক পদস্থ আধিকারিক।
বৈঠক শেষে মুখ্যসচিব জানান, পুণ্যার্থীদের যাতায়াত, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে ধাপে ধাপে সমস্ত প্রস্তুতি নেওয়া হবে। বিশেষ করে আকাশপথে যাতায়াতের সুবিধার জন্য কলকাতা থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৮ থেকে ১০টি হেলিকপ্টার চালানোর ব্যবস্থা করা হবে।
তবে এই হেলিকপ্টার পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে না। পুণ্যার্থীদের নিজেদের খরচে আগাম বুকিংয়ের মাধ্যমে এই পরিষেবা গ্রহণ করতে হবে।
সব মিলিয়ে, ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের তীর্থযাত্রার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিবহণ, পরিকাঠামো ও নিরাপত্তার ক্ষেত্রে একাধিক নতুন পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য প্রশাসন।