সংকোশ নদীতে ভেসে ওঠা মরা মাছ কোনোভাবেই না খাওয়ার কড়া নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবেশ ও বনমন্ত্রী তথা কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ।ভুটানে হিমবাহ হ্রদ ফেটে আকস্মিক হড়পা বানের পর আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের অন্তর্গত সংকোশ নদীতে আচমকা টন টন মরা মাছ ভেসে ওঠে এবং নদীর জলের রঙও কালো হয়ে যায়। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভুটানের বিপর্যয়ের কারণে নদীর জলে কোনো মারাত্মক রাসায়নিক বা কীটনাশক মিশে গেছে, যার ফলে মাছের এই মড়ক ঘটেছে । এই মাছ মানুষের শরীরে গেলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।• খবর পেয়েই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ দ্রুত এলাকা পরিদর্শনে যান। তিনি সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নদী থেকে সংগৃহীত বেশ কিছু মরা মাছ নিজের উদ্যোগে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করেন।
নদী তীরবর্তী অনেক বাসিন্দা বস্তা ভরে মরা মাছ সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে । এই বিষয়ে প্রশাসনকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিষাক্ত মাছ বাজারে ছড়াতে না পারে।